নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় তেল চোর শফিক গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে স্বপন ও নাসির 

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫১, ২৬ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় তেল চোর শফিক গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে স্বপন ও নাসির 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শাহ নিজামের অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা শফিক গ্রেপ্তার হলেও এখনো ধরাছোয়ার বাইরে চিহ্নিত তৈল চোর বৈষম্য বিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ স্বপন ও মোহাম্মদ নাসির।

তারা আওয়ামী লীগ পতনের পরও বিএনপি নেতাদের ম্যানেজ করে তেল চুরির মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলার আসামী হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে তেল চুরি করে বেড়াচ্ছে। তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শামীম ওসমানের অন্যতম সহযোদ্ধা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের ছত্রছায়ায় ফতুল্লা যমুনা ডিপো এলাকায় তেল চুরি সহ নানা অপকর্ম করে বেড়িয়েছে।

বিশেষ করে শফিক, নাসির ও স্বপন সহ কয়েকজন মিলে একটা সিন্ডিকেট তৈরি করে যমুনা ডিপোতে রামরাজত্ব কায়েম করেছিল। তারা ফতুল্লা যমুনা ডিপোর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকার সুবাদে তেল চুরির সাথে চাঁদাবাজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তাদের ভয়ে ঐ সময় কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। যার কারনে বীরদর্পে তাদের চালিয়ে ছিল।

বিগত আওয়ামী লীগ শাসন আমলে তেল চুরি করে বহু অর্থ সম্পদের মালিক বনে যায় তারা। আর আওয়ামী লীগ পতনের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সমঝোতার মাধ্যমে নিজের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। 

জানা যায়, চলতি মাসের ২৪ তারিখ মঙ্গলবার ফতুল্লার ফাজিলপুর এলাকা হতে বৈষম্য বিরোধী মামলার এজাহারনামীয় আসামী শফিকে করে ডিবি পুলিশ।

কিন্ত তারই সিন্ডিকেটের অন্যতম সদস্য বৈষম্য বিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও চিহ্নিত তেল চোর নানা অপকর্মের হোতা নাসির ও স্বপন এখনো ধরা ছোয়ার বাহিরে রয়েছে।

অভিযোগ রয়েছে নাসির ও স্বপন স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে তেল চুরির মহোৎসব চালানোর অপচেষ্টা করছে। তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি এলাকাবাসীর।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্য বিরোধী মামলার আসামি হলে কোন প্রকার ছাড় পাবে না। খুব শিগগিরই অভিযানের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন