নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

বন্দরের ব্যবসায়ি মোতালিব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৯, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০০, ২৬ নভেম্বর ২০২৬

বন্দরের ব্যবসায়ি মোতালিব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ি মো: মোতালিব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এসময় ২ আসামি পলাতক ছিলেন। 

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে  মোতালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। 

পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: নজরুল ইসলাম মাসুম জানান, “আদালত এই মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া আদালত নবী নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় প্রদানের সময় হোসাইন ও তানজিল নামে ২ আসামি পলাতক ছিলেন। 

রায়ে অসন্তোস প্রকাশ করে মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা কান্নাজড়িত কন্ঠে বলেন, “সাতজন মিলে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। আমি আসামিদের সবার ফাঁসি চাই। আমি ন্যায়বিচার চাই। আমি ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আপীল করব”।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন