শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৫, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৮, ২৮ অক্টোবর ২০২৬
এই তো বছর কয়েক আগেকার কথা। দিন এনে দিন খাওয়া পরিবারে নুন-ভাতের সংসারও ছিলো আরাধ্যের ব্যাপর। রিকশা চালক বাবার একার পক্ষে সংসার টানা দুস্কর হওয়ায় মা নিজেও করতেন বুয়ার কাজ। এই দৈন্যতার মাঝে কী আর স্কুলের চৌকাঠে পা রাখা যায়?
তাই কিশোর বয়স থেকে নিজেই কাগজের কার্টন কুড়িয়ে বিক্রি করতেন। তবে হতদরিদ্র সেই পরিবারের টাকা গুনতে এখন ক্যালকুলেটরও যেন ফুরিয়ে যায়!
চোখ কপালে উঠলেও নারায়ণগঞ্জের কথিত ছাত্রলীগ ক্যাডার আহমেদ কাউসারের অঢেল সম্পদ ও এর উৎস অনুসন্ধানে মিলেছে এমন আরও চাঞ্চল্যকর নানা তথ্য। এতে তার পরিবারের অতীত দৈন্যদশার চিত্র উঠে আসার পাশাপাশি বেড়িয়ে এসেছে বর্তমানে গড়ে তোলা অভাবনীয় সম্পদের পাহাড়ও।
অনুসন্ধানে জানা গেছে, মাত্র ৭ থেকে ৮ বছর আগেও ভাড়াকৃত জরাজীর্ণ টিনের ঘরে মাথা গুজতে হতো গোটা পরিবারকে। এই স্বল্প সময়ের ব্যবধানে কাউসার এখন শহরের অভিজাত এলাকায় চারটি বহুতল ভবন ও সুবিশাল বাগান বাড়ীর মালিক!
এর মধ্যে, ২০২১ সালে শহরের বাপ্পী চত্তর এলাকায় জমি কিনে তৈরী করেছেন একটি চার তলা ভবন। ঠিক দু’বছর পর ২০২৩ সালে শহরের বি.কে দাস রোডের আরমান কমিউনিটি সেন্টারের পাশে সুবিশাল জায়গা জুড়ে একটি ৫ তলা বিশিষ্ট ভবন গড়ে তোলেন কাউসার। এরপরের বছর তথা ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের আগে জামতলা হিরা কমিউনিটি সেন্টারের অদূরে আরও একটি পাঁচতলা বিশিষ্ট ভবন সম্পূর্ন জমি সহ ক্রয় করেন তিনি।
এর আগে ফতুল্লার চরকাশীপুর এলাকায় ১১০ শতাংশ জমি দখল করে সেখানে তৈরী করেছেন তার শখের বাগান বাড়ী!
এছাড়াও, আওয়ামী লীগের পতনের আগে বিলাশ বহুল নিশান ও প্রিমিও ব্রান্ডের দুটি গাড়ীও কিনেছেন কাউসার। ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলা উৎসব পরিবহনের তিন তিনটি বাসের একক মালিকানাও রয়েছে তার। যা মনির নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
পাশাপাশি শহরের রিভারভিউ মার্কেটের নীচ-তলায় রয়েছে নিজ মালিকানা ২টি দোকান এবং তৃতীয় তলায় রয়েছে বিশাল ঝুটের গোডাউন। এছাড়াও জালকুড়ি এলাকায় সুবিশাল জায়গা নিয়ে আরও একটি ঝুটের গোডাউন চলছে কাউসারের। দেশ ছেড়ে পালিয়ে বেড়ালেও তার এই ব্যবসা চালিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে নারায়ণগঞ্জের আলোচিত দুই বিএনপি নেতা!
এদিকে, দেশ ছেড়ে দুবাই ও মালয়শিয়ায় পালিয়ে বেড়ালেও অবৈধপন্থায় স্বর্নের ব্যবসা ও চোরাচালানের সিন্ডিকেটের সাথে সক্রিয় রয়েছে কাউসার; যা নিশ্চিত করেছে প্রবাসীদের একাধিক সূত্র।
কাউসারের অতিনিকটবর্তী একটি সূত্র নিশ্চিত করেছে, কাঁধ থেকে কালো টাকার ওজন কমাতে নিজ নামের পাশাপাশি তার স্ত্রী ও বোনসহ পরিবারের সদস্যদের নামেও গড়েছে সম্পদের পাহাড়। এর মধ্যে স্ত্রী মারিয়ার নামে ইবিএল ব্যাংকে ৫ কোটি টাকার এফডিআরের তথ্য পাওয়া গেছে।
একই ব্যাংকে তার বোন মুন্নি আক্তারের নামেও ছিলো আরও ১০ কোটি টাকার এফডিআর! তার পিতা হারুন মিয়া ও মাতা হাজেরা বেগমের নামেও জ্ঞাত আয় বহির্ভুত স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন কাউসার।
অথচ অতীত বলছে, স্কুলের চৌকাঠে পা না রাখা কাউসার পরিবারের দৈন্যদশায় কৈশর থেকেই শহরের কাগজের কার্টন কুড়িয়ে বিক্রি করতো। পরে তোলারামের মোড় এলাকায় একটি ভিডিও গেমসের দোকানে মাত্র ৬শ টাকা বেতনে কাজ করতো সে।
অতঃপর নারায়ণগঞ্জের রিভার ভিউ মার্কেটের ব্যবসায়ী নূর আলম মিয়ার গেঞ্জির দোকানে স্বল্প বেতনে চাকুরী করতো বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
কাউসারের ঘনিষ্ঠ সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তার পিতা হারুনও ছিলেন একজন রিকশা চালক। হারুন মিয়া শহরের তোলারাম এলাকার সুরুজ মাহাজনের গ্যারেজের রিকশা চালাতেন।
পরে শহীদনগরের জনৈক দিলীপ মাহাজনের প্যাডেল চালিত ভ্যানগাড়ীও চালিয়েছিলেন তিনি। এছাড়াও একই এলাকার শরীফ মুন্সির বাড়িতে বিভিন্ন ছুটা কাজও করতেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
অন্যদিকে, সংসারের ঘানি টানতে কাউসারের মা হাজেরা বেগমও এক সময়ে শহীদনগর এলাকার মতি মাহাজনের বাড়িতে কাজ করতেন।
এছাড়াও স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ফালু মিয়ার বাড়িতে টানা ৬ বছর বুয়ার কাজ করেছিলেন তিনি। পাশাপাশি একই এলাকার লেকু মিয়ার বাড়িতেও কাজ করে সংসার যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল তাকে।
দিন এনে দিন খাওয়া এই পরিবারটি মাত্র ৬-৭ থেকে সাত বছরের মধ্যেই শত-কোটি টাকার মালিক বনে গেছেন। স্থানীয় বাসিন্দা ও তাদের পাড়া-প্রতিবেশিদের কাছে তাই কাউসার এখন এক রহস্যের নাম।
২০১৯ সালের পর রাতারাতি তাদের ভাগ্য পাল্টে যায়। মূলত, তৎকালিন প্রভাবশালী এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান যেন আলাদিনের চেরাগ হয়ে অবতীর্ণ হয়েছিল কাউসারের জীবনে।
ব্যাস....! এতেই ক্ষমতার জাদুবলে ‘রুমাল থেকে বিড়াল’ বেড়িয়ে আসার মতই এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেন কাউসার। অস্ত্রবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পটু কথিত এই ছাত্রলীগ সন্ত্রাসী স্বল্প সময়ের মধ্যে নিজেকে অয়ন ওসমানের ডান হাত হিসেবে প্রতিষ্ঠিত করে নেয়।
নামের আগে ‘আহমেদ’ টাইটেল জুড়ে দিয়ে ‘টোকাই’ (কাগজের কার্টন কুড়াতো) কাউসার থেকে পরিচিতি পায় আহমেদ কাউসার নামে। ফলে এক সময় দিন মজুর থাকলেও রাতারাতি সম্পদের পাহাড় গড়ে পাড়া-প্রতিবেশীদের মাঝেও হৈচৈ ফেলে দেয় সে!
সাবেক এমপি পুত্র অয়ন ওসমানের সান্নিধ্যে আসার পর দু’হাতে কালো টাকা কুড়ানো কাউসারের অবৈধ আয়ের উৎসগুলোর নানা তথ্য-প্রমাণ হাতে এসেছে। যা পর্যায়ক্রমে ধারাবাহিক প্রতিবেদনে প্রকাশিত হবে।
এদিকে, ‘টোকাই’ থেকে শতকোটি টাকার মালিক বনে যাওয়া কাউসারের এই সম্পদের উৎস অনুসন্ধানের দাবি উঠেছে সচেতন মহলে। সচেতন মহলের ভাষ্য, দুদকের সঠিক অনুসন্ধানের মাধ্যমেই বেড়িয়ে আসবে কাউসার ও তার পরিবারের সদস্যদের জ্ঞ্যাত-আয় বর্হির্ভুত সম্পদের সঠিক তথ্য।
এই বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ এর সমন্বিত নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এটি খুবই বিস্ময়কর বা অবাক করা একটি বিষয়। তাই অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’