নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

গর্ভধারিণীকে নিঃস্ব করে পথে বসাল দুই মেয়ে : আদালতে মায়ের আর্তনাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৯, ২৩ নভেম্বর ২০২৬

গর্ভধারিণীকে নিঃস্ব করে পথে বসাল দুই মেয়ে : আদালতে মায়ের আর্তনাদ

অসুস্থতার সুযোগ নিয়ে উন্নত চিকিৎসার কথা বলে প্রতারণার মাধ্যমে ১২ শতাংশ জমি ও বসতবাড়ি লিখে নেওয়ার পর ৬৩ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই দুই মেয়ে ও জামাতাদের বিরুদ্ধে।

ন্যায়বিচারের আশায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আলেয়া আক্তার (মামলা নং-১২৪৮/২০২৬)। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী আলেয়া আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার বাসিন্দা। মামলার আসামিরা হলেন, তাঁর দ্বিতীয় সংসারের দুই মেয়ে শারমিন আক্তার (৩৫) ও সুমা আক্তার শাহীন (৪০), দুই জামাতা আনোয়ার হোসেন (৪৫) ও জহিরুল ইসলাম সুজন (৪৭) এবং দলিলের সাক্ষী ও লেখক হিসেবে জড়িত স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম (৪১) ও হেমায়েত উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে শ্রম দিয়ে অর্জিত অর্থে কদমতলী নয়াপাড়ায় ১২ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করেন আলেয়া আক্তার। বাড়িটি থেকে মাসে প্রায় এক লাখ টাকা ভাড়া আসত।

সম্প্রতি বার্ধক্যজনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আসামিরা কৌশলে তাঁর প্রথম সংসারের সন্তানদের সেখান থেকে সরিয়ে দেয়।

এরপর বিদেশে উন্নত চিকিৎসা ও অপারেশনের কথা বলে জমি বিক্রির আম-মোক্তারনামা নেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়।

সেখানে দলিল লেখক হেমায়েত উদ্দিনের সহযোগিতায় আম-মোক্তারনামার পরিবর্তে দুটি হেবা ঘোষণাপত্র দলিলের (নং-২৭৭৬ ও ২৭৭৭) মাধ্যমে ১২ শতাংশ জমিই নিজেদের নামে লিখিয়ে নেন দুই মেয়ে।

গত ২ নভেম্বর চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রির কথা বললে আসামিরা তাঁকে হেবা দলিলের নকল ধরিয়ে দেন। এর প্রতিবাদ করলে তাঁকে লাঞ্ছিত করে একবস্ত্রে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে ৫ নভেম্বর সকালে স্থানীয় লোকজন নিয়ে নিজের বাড়িতে গেলে আসামিরা তাঁর ওপর হামলা চালান।

এজাহারে অভিযোগ করা হয়, শারমিন ও সুমা তাঁকে মেঝেতে ফেলে মারধর করেন এবং জামাতা জহিরুল ইসলাম গলা চেপে ধরে হত্যার চেষ্টা ও লাশ গুমের হুমকি দেন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (৩০০ শয্যা) হাসপাতালে চিকিৎসা করান। এলাকায় সালিশে সুরাহা না হওয়ায় এবং থানায় মামলা না নেওয়ায় বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন এই বৃদ্ধা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোঃ মিন্টু বলেন, আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করা হয়েছে। একজন বৃদ্ধা মায়ের সাথে ঘটে যাওয়া এমন স্পর্শকাতর অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে তদন্ত করছি।

প্রতারণার মাধ্যমে দলিল সৃজন এবং শারীরিক নির্যাতনের প্রতিটি দিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

জীবনের শেষ প্রান্তে এসে নিজের গড়া বাড়িতে ঠাঁই না পেয়ে আজ অন্যের আশ্রয়ে দিন কাটাচ্ছেন ৬৩ বছরের আলেয়া আক্তার। আদালত প্রাঙ্গণে অশ্রুসিক্ত চোখে তাঁর একটাই আকুতি মৃত্যুর আগে তিনি যেন তাঁর শেষ সম্বলটুকু ফিরে পান এবং প্রতারক সন্তানদের দৃষ্টান্তমূলক বিচার দেখে যেতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন