নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের রূপরেখা প্রকাশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৩, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের রূপরেখা প্রকাশ


‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ এই কলেজের ক্যাম্পাস কেমন চান, তা নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেছেন। রবিবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব । 

প্রেসবিজ্ঞপ্তিতে তাহমিদ আনোয়ার জানান, ‘আমরা নারায়ণগঞ্জ কলেজে এমন একটি ক্যাম্পাস চাই, ‎যেখানে শিক্ষার্থীরা শুধু ক্লাস ও পরীক্ষার জন্য আসবে না। বরং চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও নিজেদের বিকাশের জন্য ক্যাম্পাস উন্মুক্ত থাকবে। ’ 

ছাত্র ফেডারেশনের সদস্য সচিবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির রূপরেখায় তিনি যে বিষয়গুলো তুলে ধরেন তা হলো 
শিক্ষার্থীবান্ধব অবকাঠামো হিসেবে ‎উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন এবং নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ।

‎স্বাস্থ্যসেবা হিসেবে ‎ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ ‘মেডিকেল সেন্টার’ চালু করা। যেখানে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও ছাত্রীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।  

পরিবহনসেবা হিসেবে ‎শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলেজ বাস চালু করা এবং তা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা।
‎মেধা ও সংস্কৃতি চর্চার জায়গা হিসেবে ‎খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের হল, বিতর্ক ও আলোচনা চর্চার সুযোগ, মুক্তভাবে মত প্রকাশের পরিবেশ এবং শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের জন্য কাজ করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা। 

‎তিনি আরও জানান, ‎আমরা এমন কোন ক্যাম্পাস চাই না, যেখানে শুধু ইট-পাথরের ভবন থাকবে কিন্তু শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও স্বপ্নের জায়গা থাকবে না। ‎চিন্তা, চর্চা, সংস্কৃতি ও বন্ধুত্ব এই চার স্তম্ভের উপর ভিত্তি করেই ক্যাম্পাস হবে একটি প্রাণবন্ত, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। 

একটি ক্যাম্পাস যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে শিখবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে এবং নিজের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন