নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে জেলা মহিলা পরিষদের মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৪৭, ১৯ আগস্ট ২০২৬

দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে জেলা মহিলা পরিষদের মানববন্ধন

সারাদেশে নারীদের প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ এর দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের উদ্যোগে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকালে শহরের মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি কৃষ্ণা ঘোষ। 

মানবন্ধনে বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা পরিষদের সহসভাপতি প্রীতিকণা দাস, সহ সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।

সভায় বক্তারা বলেন- সারাদেশে ছোট্ট শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারী জীবনের প্রতিটি পর্যায়ে সহিংসতার শিকার হয়। বিশেষ করে পাঁচ থেকে নয় বছর বয়সী কন্যাশিশুদের ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, ধর্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়, দায়ী অপরাধী।

আমাদের সামাজিক মানসিকতা অপরাধীদের প্রশ্রয় দেয়। এছাড়াও হত্যা, নির্যাতন, সাইবার ক্রাইম, ছেলে শিশু বলাৎকার চরম আকার ধারণ করেছে। এই কাপুরুষদের প্রতিরোধ করা ও বিচারের আওতায় আনা জরুরি। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরী।

কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। ফলে নরপশুরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের টার্গেটে পরিণত হয়েছে কন্যা শিশু, নারী ও ছেলে শিশু।  এছাড়াও উগ্র মৌলবাদীদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির সুযোগে নরপশুরা সারাদেশে নোংরা খেলায় মেতেছে।

সামাজিক অবক্ষয় ও আইনের শাসন নেই বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিচারহীনতার এই অপসংস্কৃতি বন্ধ না হলে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন