নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শ্রমিক অধিকার আদায়ে আপসহীন লড়াইয়ের ঘোষণা

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন না’গঞ্জ জেলা শাখার কমিটি ষোষণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:৩৪, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৪১, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন না’গঞ্জ জেলা শাখার কমিটি ষোষণা

নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর নারায়ণগঞ্জ জেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু এ কমিটির অনুমোদন দিয়েছেন।  

এ উপলক্ষ্যে আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (করিম টাওয়ার, ২য় তলা, সিআই খোলা, ৪ নং গলি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মুখে প্রকাশ করা হয় এবং পরিচিতি সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন- সভাপতি মো. আক্তার হোসেন, কার্যকরী সভাপতি মো. সেলিম মজুমদার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ অঞ্চলটি আমাদের পোশাকশিল্পের হার্ট। নতুন নেতৃত্বের কাঁধে যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে শ্রমিকদের পাশে থেকে পূরণ করতে হবে। কেন্দ্রীয় কমিটি সবসময় আপনাদের এই ন্যায্য লড়াইয়ে পাশে থাকবে।

জেলা সভাপতি মো. আক্তার হোসেন বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতি সচল থাকে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমিকরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের ন্যায্য পাওনা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের এই নবগঠিত কমিটি জীবন বাজি রেখে কাজ করে যাবে।

কার্যকরী সভাপতি মো. সেলিম মজুমদার অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, শ্রমিকদের শোষণ ও বঞ্চিত করে নারায়ণগঞ্জের পোশাকশিল্পের উন্নয়ন সম্ভব নয়। এই ৩৯ সদস্যের কমিটি শুধু কাগজে-কলমে থাকার জন্য তৈরি হয়নি; কারখানায় কারখানায় শ্রমিকদের ওপর যেকোনো অন্যায়, নির্যাতন কিংবা মজুরি বৈষম্যের বিরুদ্ধে আমরা মাঠপর্যায়ে ঢাল হয়ে দাঁড়াব। শ্রমিকের অধিকার আদায়ে রাজপথে আমরা আপসহীন ভূমিকা পালন করব।

জেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বর্তমান মজুরি দিয়ে টিকে থাকা অসম্ভব। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার চলমান আন্দোলনকে আমরা নারায়ণগঞ্জ থেকে আরও তীব্র ও বেগবান করব।

অনুষ্ঠানের শেষ অংশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন এই লড়াকু কমিটির ৩৯ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন