নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে ডেমরায় বিএনপির অবস্থান কর্মসূচী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৯, ১০ নভেম্বর ২০২৬

নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে ডেমরায় বিএনপির অবস্থান কর্মসূচী

আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ডেমরায় শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ৯টায় ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা চৌধুরী ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

ডেমরার রানীমহল এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি সারুলিয়া বাজার ও মনুমোল্লা মার্কেট প্রদক্ষিণ করে সারুলিয়া গরুর হাটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডেমরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এসব এলাকায় অবস্থান করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন খান, সাবেক সদস্য মো. আহাদুল্লাহ, মো. ইসমাইল হোসেন (সাংবাদিক), মো. রফিকুল ইসলাম, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া।

এছাড়া ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ডেমরা থানা যুবদলের নেতা মো. আহম্মদ হোসেন, ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ডেমরা থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া জিয়া, ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মহাসিন মিয়া ও ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন