শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাসহ ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অপহৃত এক ভিক্টিমাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ৭টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশসহ স্ব স্ব এলাকায় দিনভর এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফতুল্লা থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠনের ৩ জন সদস্য, ১৭ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী ও ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করে।
এছাড়া রূপগঞ্জ থানা থেকে নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য ও ৭ জন মাদকসেবীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১টি চাকুসহ ৩ জন ছিনতাইকারী, ১৬ জন মাদকসেবী ও ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করে এবং একই সাথে অপহৃত ১ জন ভিক্টিমকে উদ্ধার করে।
এ ছাড়াও বন্দর থানা থেকে ৬ জন গ্রেফতার করা হয়, সোনারগাঁও থানা থেকে ৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীসহ ৪ জন, আড়াইহাজার থানা থেকে ৫ জন এবং ১০০ পুড়িয়া হেরোইন ও গাঁজাসহ ৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বর”কে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও সমাজকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।