নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৩৯, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪০, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারেছ (৪৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় শাহ আলমের বাড়িতে স্ত্রী মনোয়ারা বেগম ও একমাত্র শিশু সন্তান সোহাগকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লা ভোলাইল গেদ্দারবাজার এলাকায় নিজ ভাড়া বাসায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান হারেছ।

পরে এই জোড়া খুনের ঘটনার পরদিন ৯ জুলাই নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আসামি হারেছকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত হারেছ তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি হারেছকে মৃত্যুদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পরে আদালতের নির্দেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হারেছকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন