নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩৪, ২৪ নভেম্বর ২০২৬

সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরি

বন্দরে ৫৫ নং সোনাকান্দা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ওয়াই-ফাই রাউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া সরঞ্জামের মূল্য প্রায় ৬ হাজার ৭০০ টাকা। এর আগেও বিদ্যালয়টি থেকে পানির ট্যাংক ও বৈদ্যুতিক চুলা চুরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারেন শিক্ষকরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারহানা বিনতে ইউসুফ বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিদ্যালয় তালাবদ্ধ করে শিক্ষকরা বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে বিদ্যালয়ে এসে অফিস কক্ষে রাখা ওয়াই-ফাই রাউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম খুঁজে পাননি তারা।

এর আগেও বিদ্যালয়ের ছাদ থেকে ৫০০ লিটারের একটি পানির ট্যাংক ও একটি বৈদ্যুতিক চুলা চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘চুরির ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন