নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

অভিযোগ প্রমাণ করতে না পারলে মামলা করবো : রিয়াদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২১, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৩, ২৭ অক্টোবর ২০২৬

অভিযোগ প্রমাণ করতে না পারলে মামলা করবো : রিয়াদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। একই সঙ্গে মানহানির অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই যুবদল নেতা।

‎‎মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎‎সংবাদ সম্মেলনে রাফি উদ্দিন রিয়াদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘কাল্পনিক ও ভিত্তিহীন’ বলে দাবি করে বলেন, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে ছয় থেকে সাতটি অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

‎‎রাফি উদ্দিন রিয়াদ বলেন, আমি সাংবাদিক সমাজের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই-বাছাই করুন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সত্যতা খুঁজে দেখুন। আমি কাউকে মারধর করে থাকলে তার ফুটেজ, সাক্ষী কিংবা অন্য কোনো প্রমাণ থাকার কথা। আপনারা সেগুলো যাচাই করুন।

‎‎সংবাদ সম্মেলনে মাসুদ নামের এক ব্যক্তিকে নিয়ে পাল্টা অভিযোগ তোলেন রাফি উদ্দিন রিয়াদ। তাঁর দাবি, ওই ব্যক্তি অতীতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট থেকে বিএনপির নেতাকর্মীদের হয়রানিতে ভূমিকা রেখেছেন। এ ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে জুয়ার আসর পরিচালনা ও মাদক কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি।

‎‎নিজের কার্যালয় সম্পর্কে রাফি উদ্দিন রিয়াদ বলেন, বাড়িটি আওয়ামী লীগ নেতা আহসান হাবীবের স্ত্রীর নামে রয়েছে। আগে সেখানে একটি কার্যালয় ছিল। পরবর্তীতে তিনি বাড়িটি ভাড়া নিয়েছেন। কার্যালয়ের মাসিক ভাড়া নিয়মিত পরিশোধ করা হয়েছে এবং এ-সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে। বাড়ির ব্যবস্থাপকের কাছ থেকেও ভাড়া পরিশোধের বিষয়টি যাচাই করা যাবে বলে তিনি উল্লেখ করেন। 

‎রাফি উদ্দিন রিয়াদ বলেন, তাঁর বিরুদ্ধে মাঠ দখল, খেলাধুলায় বাধা দেওয়া, পিস্তল নিয়ে চলাফেরা, মারধর এবং বিভিন্ন দোকানপাট ও জায়গা দখলের মতো অভিযোগ আনা হয়েছে। যার কোনটির সাথে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নেই। 

‎‎নিজের পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে গত ১৭ বছরে ব্যবসা-বাণিজ্য, পরিবার এবং ব্যক্তিগত জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দলের জন্য দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

‎‎তিনি আরও বলেন, ‘এত কষ্ট করে দলের জন্য কাজ করেছি। এখন আমাদের বিরুদ্ধেই দলকে ধ্বংস করার অভিযোগ তোলা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নারায়ণগঞ্জে আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ থাকলে তা সামনে আনা হোক।’

‎‎সংবাদ সম্মেলনের শেষ দিকে অভিযোগকারীদের উদ্দেশে রাফি উদ্দিন রিয়াদ বলেন, ‘আমি তাদের ৪৮ ঘণ্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে না পারলে ৪৮ ঘণ্টা পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং মানহানির অভিযোগে পদক্ষেপ গ্রহণ করব।’

‎‎তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক বিরোধ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অন্যদের উসকে দিচ্ছে। তাঁর ভাষ্য, অভিযোগগুলো সত্য হলে সেগুলোর পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা উচিত ছিল।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন