শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ নারায়ণগঞ্জের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পুরুষ বিভাগে আড়াইহাজার থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর মডেল থানা। অন্যদিকে, নারী বিভাগের চূড়ান্ত লড়াইয়ে সোনারগাঁও থানাকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় বন্দর থানা।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তাসমিন আক্তার পিপিএম বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশই তরুণ সমাজকে সকল ধরনের অপসংস্কৃতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরনের তৃণমূলভিত্তিক প্রতিযোগিতা থেকেই ভবিষ্যতে জাতীয় কাবাডি দলের যোগ্য ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরি হবে, তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করবে।
জেলা পুলিশের এই বিশেষ টুর্নামেন্টে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা থেকে ৭টি পুরুষ এবং ৭টি নারী দলসহ ১৪টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি জয়ী ও বিজয়ী দলের খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং বিশেষ অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।