শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১২, ১৬ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যে এলাকার মানুষ খেলাধুলাকে ভালোবাসে, সেই এলাকায় অন্যায়, মাদকাসক্তি ও অবিচারের বিরুদ্ধে ইতিবাচক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের ভবিষ্যৎ গড়ার অন্যতম মাধ্যম। আমরা এমন একটি শান্তির নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই, যেখানে মাদকাসক্তি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডে একটি করে ফুটবল মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সরকার ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আশা করছি, জালকুড়িতেও একটি ফুটবল মাঠ নির্মাণ করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন স্বপ্নের নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা খেলাধুলাকে কতটা ভালোবাসেন। এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাঠে দর্শক থাকলে খেলোয়াড়দের উৎসাহ ও খেলার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। গত ১৬ বছরে দেশের মানুষকে যে অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য খেলাধুলাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের ক্রীড়া উদ্যোগের কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, হকিসহ বিভিন্ন খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চালু হওয়া ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। এ কর্মসূচিতে ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের সম্ভাবনার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন খান বলেন, এ জেলা থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। তাঁদের ধারাবাহিকতা ধরে রাখতে হলে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটের প্রতিও গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পাঁচজন ফুটবল খেলোয়াড় ও পাঁচজন ক্রিকেট খেলোয়াড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, জালকুড়ি এলাকায় খেলাধুলার উন্নয়নে একজন প্রশিক্ষক নিয়োগের বিষয়েও চেষ্টা করা হবে, যাতে স্থানীয় তরুণেরা যথাযথ প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। পাশাপাশি বড় বড় মাঠের উন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আমরা চাই, তরুণেরা মাদকের পরিবর্তে খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করুক এবং খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তুলুক। নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জালকুড়ির মানুষ আজ মাঠে উপস্থিত হয়ে খেলাধুলার প্রতি তাঁদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এ আগ্রহকে কাজে লাগিয়ে এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হবে।
স্বপ্নের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।