শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৫, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৬, ২ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে সংসারের টানাপোড়েন আর দারিদ্র্যের কাছে হার না মেনে ১০ বছর বয়সেই হাল ধরতে হয়েছে এক শিশুকে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের তালতলা ক্লাব সংলগ্ন সোহরাবের বাড়ির ভাড়াটিয়া শিশু মোস্তাফিজুর রহমান। অভাবের তাড়নায় পড়াশোনার পাশাপাশি তাকে বেছে নিতে হয়েছে ঝালমুড়ি বিক্রির জীবন।
মোস্তাফিজুর মূলত ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বাসিন্দা। তার বাবা মো. সবুজ মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি ঝালমুড়ি বিক্রি করে পরিবার চালান। মা, বাবা, ৩ ভাই ও ১ বোনকে নিয়ে তাদের বড় সংসার।
দৈনিক মাত্র ৪-৫ শত টাকা আয় করে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তার বাবাকে। পরিবারের এই ক্রান্তিকালে বাবার পাশে দাঁড়াতে খুদে হাত দুটোতেই ঝালমুড়ির ডালা তুলে নিয়েছে মোস্তাফিজুর। সে নিজেও প্রতিদিন প্রায় ৪-৫ শত টাকা বিক্রি করে পরিবারে সাহায্য করছে।
অথচ এই বয়সে তার হাতে থাকার কথা ছিল বই-খাতা। সে স্থানীয় ‘মাদ্রাসাতুল ফুরকান’ মাদ্রাসায় হাফিজি আমপারা বিভাগে পড়াশোনা করত। সংসারের কঠোর বাস্তবতা তার শৈশব ও শিক্ষা জীবনের স্বাভাবিক গতিকে থামিয়ে দিয়েছে।
১০ বছরের শিশু মোস্তাফিজুরের এই অদম্য লড়াই যেমন তার পরিবারের জন্য বেঁচে থাকার আশা জোগাচ্ছে, তেমনি অভাবের কাছে শৈশব বন্দি হওয়ার এক করুণ চিত্র তুলে ধরছে।