শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০০, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০১, ২৮ নভেম্বর ২০২৬
গত ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সুইমিংপুল বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত ‘সাঁতার প্রশিক্ষণ-২০২৬’-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সহ-সভাপতি ও সুইমিংপুল বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধার তত্ত্বাবধানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সম্মানিত সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ক্লাবের সম্মানিত সদস্য ও সাবেক নির্বাচন কমিশন এর চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, বর্তমান নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোঃ নবী হোসেন ও ডাঃ এ কে এম শফিউল আলম ফেরদৌসসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাঁতার প্রশিক্ষণ সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের হাতে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ সনদপত্র তুলে দেন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, পানিতে আত্মরক্ষার দক্ষতা অর্জন এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারায় উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।
শিক্ষার্থী, অতিথি ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।