শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৮, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮, ২৮ নভেম্বর ২০২৬
সরকারি তোলারাম কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক, সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, “তোলারাম কলেজ হচ্ছে আমাদের আবেগের জায়গা।
এই কলেজ থেকে যারা পড়াশোনা করে বের হয়েছেন, তাদের সবার মধ্যে একটি আত্মিক ও বন্ধনের সম্পর্ক রয়েছে। সেই বন্ধনকে আরও বিস্তৃত ও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য।
শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সকাল ৯টা থেকে শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে দিনব্যাপী এ পূর্ণমিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় ।
এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের কলেজজীবনের অনেক স্মৃতি আজও আমাদের মনে অমলিন। তবে আমার স্মৃতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—আমরা শিক্ষকদের হারানো সম্মান ও মর্যাদা কিছুটা হলেও ফিরিয়ে দিতে পেরেছিলাম।
শিক্ষকদের যে শাসন করার অধিকার ও মর্যাদা থাকা উচিত, সময়ের ব্যবধানে সেটি কিছুটা বিচ্যুত হয়েছিল। আমরা সেই সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছি।
মাশুকুল ইসলাম রাজিব বলেন, শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের যে চর্চা আমরা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ আজকের এই পুনর্মিলনীর পর থেকে তা আরও বেগবান হবে। তোলারাম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে এই বন্ধন আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউবা স্মৃতিচারণে ফিরে যান শিক্ষাজীবনের সোনালি দিনগুলোতে। দীর্ঘদিন পর দেখা হওয়া সহপাঠীদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যেও ফুটে ওঠে আবেগ ও ভালোবাসা।
পুনর্মিলনীকে ঘিরে সকাল থেকেই ওসমানী পৌর স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। হাসি-আনন্দ, কুশল বিনিময় ও পুরোনো দিনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দুপুরের মধ্যাহ্ন বিরতির পর গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল আর সন্ধ্যায় গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড সোলস।