শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১১, ২৮ নভেম্বর ২০২৬
পুরোনো বন্ধু, সহপাঠী আর প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা—স্মৃতির পাতায় ফিরে যাওয়ার আবেগ আর আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রথম পূর্ণমিলনী-২০২৬। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ পূর্ণমিলনীর আয়োজন করা হয়। এতে সরকারি তোলারাম কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষকরা অংশ নেন।
দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউবা স্মৃতিচারণে ফিরে যান শিক্ষাজীবনের সোনালি দিনগুলোতে। দীর্ঘদিন পর দেখা হওয়া সহপাঠীদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যেও ফুটে ওঠে আবেগ ও ভালোবাসা।
পুনর্মিলনীকে ঘিরে সকাল থেকেই ওসমানী পৌর স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। হাসি-আনন্দ, কুশল বিনিময় ও পুরোনো দিনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দুপুরের মধ্যাহ্ন বিরতির পর গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল আর সন্ধ্যায় গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড সোলস।
আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধনের নতুন সেতুবন্ধন তৈরি করা। একই সঙ্গে শিক্ষাজীবনের সোনালি স্মৃতিগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও সুযোগ তৈরি হয় এ আয়োজনের মধ্য দিয়ে।
দিনব্যাপী এ পূর্ণমিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি তোলারাম কলেজের স্মৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। প্রিয় ক্যাম্পাসের স্মৃতি বুকে ধারণ করে একদিনের জন্য হলেও সবাই ফিরে যান সেই চেনা শিক্ষাজীবনের দিনগুলোতে।