শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৫, ২৮ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা, ব্যবসায়িক সম্পর্ক এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মাদবর, সহসভাপতি আবুল হোসেন পায়েল ভূঁইয়া ও জেড বি মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপনকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এনেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব অভিযোগ নিয়ে চলছে সমালোচনা।
তাদের প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের আমলে যাদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাদের সখ্যের অভিযোগ ছিল, তাদের নিয়েই গঠিত হলো ফ্যাসিবাদমুক্ত কুতুবপুর বিএনপি?
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মাদবর বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ নিজাম ও নাজিমুদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতেন।
তাদের সঙ্গে বিভিন্ন সময়ে হাস্যোজ্জ্বল ছবি তোলার বিষয়টিও সামনে এনেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি জমিজমা ও বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন দলের তৃণমূলের একটি অংশ।
সহসভাপতি আবুল হোসেন পায়েল ভূঁইয়াকে ঘিরেও উঠেছে ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগ। নেতাকর্মীদের দাবি, তিনি আওয়ামী লীগ নেতা মো. সাব্বির আহমেদ জুলহাসের ড্রেজার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া নবনির্বাচিত আরেক সহসভাপতি জেড বি মোস্তফার বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক নেতা মায়া চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, অতীত রাজনৈতিক সম্পর্ক ও কর্মকাণ্ড যাচাই না করেই গুরুত্বপূর্ণ পদে তাদের স্থান দেওয়া হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমানকে নিয়েও রয়েছে বিতর্ক। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কিছুদিন আগে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে তিনি গণপিটুনির শিকার হয়েছিলেন।
এমন অভিযোগের পরও কীভাবে তাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
অন্যদিকে, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপনের বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের ভাষ্য, এ নিয়ে অতীতে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নবগঠিত কমিটির এ সাংগঠনিক সম্পাদকের তপনের সাথে কুতুবপুরের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর একান্ত সহযোগী মহিদুলের সাথেও সম্পর্ক রয়েছে এমনকি আওয়ামী লীগের এ দোসর মহিদুলকে নিজেদের বলে রেখে মিরুর সাম্রাজ্য দেখভালেরও অভিযোগ রয়েছে।
কমিটি গঠন নিয়ে অসন্তোষের আরেকটি বড় কারণ হিসেবে সামনে এসেছে সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেনের বাদ পড়ার বিষয়টি।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, ৫ আগস্টের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরও গ্রুপিং ও অভ্যন্তরীণ সমীকরণের কারণে তাকে নতুন কমিটিতে রাখা হয়নি। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি তাদের।
ক্ষুব্ধ নেতাকর্মীদের প্রশ্ন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো পরীক্ষিত ও ত্যাগী নেতার কি এতটাই অভাব ছিল যে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসাতে হলো?
তাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের পর স্থানীয় পর্যায়ে দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে নেতাকর্মীদের অতীত ভূমিকা, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা যাচাই করা গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ক্ষমতাসীন দলের সঙ্গে অতীত সংশ্লিষ্টতার অভিযোগ কিংবা চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ থাকলে সেগুলো যথাযথভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অন্যথায় দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি নিয়ে তৃণমূলের এই অসন্তোষের প্রেক্ষাপটে জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সাংগঠনিক তদন্তের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
সব মিলিয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। তৃণমূলের অভিযোগগুলো কতটা সত্য, সংশ্লিষ্ট নেতারা কী ব্যাখ্যা দেন এবং দলীয় নেতৃত্ব বিষয়গুলো কীভাবে মূল্যায়ন করে, তার ওপরই নির্ভর করছে নতুন কমিটির গ্রহণযোগ্যতা। এখন প্রশ্ন, ফ্যাসিবাদমুক্ত দল গঠনের প্রত্যাশা পূরণে এই কমিটি কতটা কার্যকর হবে, নাকি বিতর্কের মধ্যেই সাংগঠনিক বিভক্তি আরও বাড়বে?