শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চলমান নাশকতায় অর্থ যোগানদাতা হিসেবে উঠে এসেছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দারের নাম।
এক সময় পাগলা আলিগঞ্জ ঘাটের লোড আনলোড শ্রমিক মোকাররম সর্দার ডিবি হারুনের সকল অন্যায় কাজের সহযোগী হিসেবে থেকে শত কোটি টাকার মালিক হয়েছিলেন। বর্তমানে সেই কালো টাকা দেশে অরাজকতা সৃষ্টি করতে ব্যয় করছেন বলে জানা গেছে।
সরকার পরিবর্তনের পর আওয়ামী দোসর এবং বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম সর্দারকে শেল্টার দিচ্ছেন ফতুল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু সিনিয়ন নেতা।
মোকাররম সরদারের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাকে এলাকায় থাকতে দিচ্ছেন বিএনপি নেতারা এমনটাই অনুসন্ধানে জানা গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, নাশকতা রোধে আমরা রাজপথে আছি। যদি বিএনপির কোন নেতা আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো। আর যারা প্রকাশ্যে আছে তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তৎপর রয়েছে।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মোকারম প্রকাশ্য থাকলে তাকে দ্রুত গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমিও খোঁজ খবর নিয়ে দেখছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মোকারমের সম্পর্কে আমার কাছে তথ্য নেই। এ বিষয়ে আমার অফিসারদের বলে দিচ্ছি যাতে তার মামলার তথ্য বের করাসহ গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ নেতা বনে যাওয়া মোকারম সরদার এখন কয়েকশ কোটি টাকার মালিক। অভিযোগ উঠেছে আরব্য উপন্যাসের জাদুকরি সেই আলাদীনের চেরাগের মতোই রাতারাতি এত টাকার মালিক বনে যাওয়ার পেছনে রয়েছে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের ছত্রছায়া।
অনেকের ধারণা হারুন অর রশিদের অবৈধ সম্পদের কেয়ারটেকার মোকারম সরদার। বিষয়টি কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে জানাজানি হলে মোকারম সরদার আত্মগোপন করেন।
স্থানীয়রা জানান, আলোচিত সমালোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ তার অবৈধ টাকার কেয়ারটেকার মোকারম সরদারকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ- যার কোনো শিক্ষা নেই, নিজের নাম লিখতে পারে কোনোমতে, তিনি কোনোভাবেই উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানের চেয়ারম্যান হতে পারেন না।
তাকে চেয়ারম্যান বানানো হয়েছে অবৈধ সম্পদ পাহারা দেওয়ার জন্য। এ নিয়ে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলছে আলোচনা সমালোচনার ঝড়।
ফতুল্লার আলীগঞ্জ এলাকায় সরেজমিন জানা যায়, বুড়িগঙ্গায় জাহাজ থেকে লোড-আনলোডের সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা সার বিক্রি করতেন মোকারম সরদার।
তার রয়েছে জাহাজের পণ্যচোরাই সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে মোকারম সরদার যে পরিমাণের টাকা আয় করতেন তার অর্ধেক স্থানীয় নেতাদের ভাগ দিতে হতো।
স্থানীয়রা জানান, হারুন অর রশিদ নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে থাকাকালে প্রায়ই আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মোকারম সরদারের লেবার অফিসে সময় দিতেন।
দীর্ঘ সময় মোকারম ও হারুনকে লেবার অফিসে বসে টাকাপয়সার হিসাব করতে দেখেছেন। এরপরই আলীগঞ্জ এলাকায় অন্তত ৮ থেকে ১০টি প্লট কিনেন মোকারম সরদার। এর মধ্যে ৪টি বহুতল বিলাস বহুল বাড়ি করেছেন। অনেকেই এসব বাড়িকে এসপির বাড়ি নামে চিনেন।
কিশোরগঞ্জের স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জের উকিলপাড়াতে ৩ কোটি টাকা ব্যয়ে একটি বাড়ি ক্রয় করেছেন মোকারম সরদার। নিকলীর দামপাড়া মৌজায় ৩ কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ জমি ক্রয় করে এতে ৫ কোটি টাকা ব্যয়ে ডুপ্লেক্স ভবন করেছেন। এলাকার রইস মেম্বারের কাছ থেকে ৩ কোটি টাকার জমি ক্রয় করেছেন।
ভৈরব বাজার পূবালী ব্যাংকের নামে কোটি টাকার একটি নিশান পেট্রল জিপ ক্রয় করেন। ২০১৩ সালে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ইভটিজিং নামের একটি ছবি প্রযোজনা করেন মোকারম।