নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফের সমাজ গড়তে হবে : মাও. জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৬, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৭, ২৮ নভেম্বর ২০২৬

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফের সমাজ গড়তে হবে : মাও. জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় হেরার আলো যুব সংঘের উদ্যোগে ২৮ নভেম্বর শনিবার রাতে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার।

বক্তব্যে তিনি মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত নিরাপদ ও ইনসাফের সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করার আকাঙ্ক্ষা শুধু মুখে বললেই বাস্তবায়িত হয় না; এর জন্য বাস্তব চেষ্টা ও কর্মপ্রয়াস প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের আয়াত (“ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিক্বাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিকুম”) উদ্ধৃত করে জানান, মানুষ নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নিলে ভাগ্যের পরিবর্তন আসে না। পথে প্রতিবন্ধকতা থাকলে যেমন তা সরিয়ে এগোতে হয়, তেমনি সমাজকে মাদক, সন্ত্রাস ও দখলমুক্ত করে নিরাপদ আবাসস্থলে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

আবদুল জব্বার আরও বলেন, যুবকদের নৈতিক সংশোধন, গণসচেতনতা সৃষ্টি এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে হেরার আলো যুব সংঘ এ সাংস্কৃতিক আয়োজন করেছে।

সমাজকে পরিশুদ্ধ করতে, যুবকদের মন ও মননশীলতাকে সুন্দর এবং রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হেরার আলো যুব সংঘের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেনের নাম তুলে ধরে তাঁর জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন মহানগরী জামায়াতের এই নেতা।

পাশাপাশি সরকারের আমানত সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে এলাকায় ভালো ও যোগ্য মেম্বার প্রয়োজন উল্লেখ করে কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মোহাম্মদ ওলিউল্লাহর নাম ঘোষণা করেন এবং পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা জানান।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন