শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৪, ৩ মার্চ ২০২৬
বন্দরে সৌদি প্রবাসীর পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বন্দর থানা ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী মাসুদা বেগম (৪৯) একরামপুর সিএসডি গেইট এলাকার বাসিন্দা। তার অভিযুক্তরা হলেন একই এলাকার জীবন (পিতা: জলিল), বজলু (পিতা: মো. রফিক) ও শাহিন (পিতা: গিয়াস উদ্দিন)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে মাসুদ (২৯) বর্তমানে সৌদি আরব প্রবাসী। পরিচিতির সূত্রে তার ছেলে জীবন ও বজলুর আত্মীয়দের সৌদি আরবে কাজের ব্যবস্থা করে দেন।
সেখানে গিয়ে কাজ পছন্দ না হওয়ায় তারা তার ছেলেকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এর জের ধরে স্থানীয়ভাবে বিবাদীরা গত প্রায় ১০ মাস ধরে তাকে ও তার পরিবারকে নানাভাবে হেনস্তা করে আসছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা অজ্ঞাতনামা কয়েকজন কিশোরকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে গিয়ে তাকে, তার ছেলে ও মেয়েকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি এ বিষয়ে কোথাও অভিযোগ করলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য, এসব কারণে তিনি নিজ বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না। তার মেয়ে গত দুই মাস আগে অন্যত্র ভাড়া বাসায় চলে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি বাড়ি বিক্রির উদ্যোগ নিলেও বিবাদীরা বাধা দিচ্ছেন এবং বাইরে গেলে তার বিরুদ্ধে কটূক্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনানুগ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।