নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে তিন রাউন্ড গুলিসহ ভয়ংকর দুটি পেনগান উদ্ধার, যুবক গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৪৭, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে তিন রাউন্ড গুলিসহ ভয়ংকর দুটি পেনগান উদ্ধার, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের অপরাধজগতে নতুন আতঙ্কের নাম পেনগান। আগ্নেয়াস্ত্রটি আকারে ছোট। সহজে বহনযোগ্য। কিন্তু প্রাণঘাতী।

পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল, শিল্পনগরীর আন্ডারওয়ার্ল্ডের মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসীর হাতে রয়েছে এই অস্ত্র।

দাম বেশি হওয়ায় এর ব্যবহার সীমিত। এবার সেই পেনগানের সন্ধান মিলেছে রূপগঞ্জের মাদকপট্টিখ্যাত চনপাড়ায়।

বিশেষ অভিযান চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ভাড়া বাসার ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

গ্রেপ্তার শাওন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, অস্ত্র ও গুলি কেনাবেচার উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

তবে কার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে, কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত এ বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে চলতি বছরের এপ্রিলে পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় আসামি গ্রেপ্তারে গিয়ে কেরানীগঞ্জ থেকে পেনগান উদ্ধার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে নারায়ণগঞ্জে এবার একসঙ্গে দুটি পেনগান উদ্ধারের ঘটনা তাই গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

শুধু অস্ত্র উদ্ধার করলেই হবে না। এর উৎস, ক্রেতা, সরবরাহকারী এবং সম্ভাব্য ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে বলে দাবি করেন সচেতন মহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন