শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫৯, ১৩ মার্চ ২০২৬
ফতুল্লার মাসদাইর এলাকায় দিনের বেলায় ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—বন্দর থানার চৌরঙ্গপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে মো. পারভেজ (৪০) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝকান্দির চরের আব্দুল কাদেরের ছেলে মো. মিরাজ (২৯)।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ৫ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাদী হয়ে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরির অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালান। অভিযানে মো. পারভেজ ও মো. মিরাজকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৭ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে জহিরুল ইসলাম তার ফ্ল্যাটে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে যান। এ সুযোগে চোরেরা ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের গলার হার, ৬টি স্বর্ণের আংটি, নেকলেস, ব্রেসলেটসহ মোট ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে তারা মার্কেট থেকে ফিরে এসে ফ্ল্যাটের দরজা খোলা এবং আলমারির তালা ভাঙা দেখতে পান। এ ঘটনায় রাতেই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ১৪ আনা, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।