নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঈদের ছুটিতে সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচেপড়া ভিড়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:৫১, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৫১, ২৪ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজে তৃতীয় দিনেও প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা, আর দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম।

ঐতিহ্যবাহী পানাম নগরের প্রাচীন স্থাপনাগুলো ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীরা ছবি তোলা, আড্ডা আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দিনটি উপভোগ করছেন। একইভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সবুজ প্রাঙ্গণেও দেখা গেছে মানুষের সরব উপস্থিতি।
দর্শনার্থীদের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন সক্রিয় ছিলেন। তবুও ভিড়ের তীব্রতার কারণে কিছু এলাকায় যানজট তৈরি হয় এবং চলাচল ধীরগতিতে সীমাবদ্ধ থাকে।

দর্শনার্থীদের অনেকেই জানান, ঈদের ছুটিতে ঘরের বাইরে একটু ভিন্ন পরিবেশে সময় কাটানোর জন্যই তারা সোনারগাঁকে বেছে নিয়েছেন। কেউ পরিবার নিয়ে পিকনিক করছেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

ঢাকা থেকে আসা দর্শনার্থী আরিফ বলেন, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে একটু খোলা জায়গায় আসতে চেয়েছিলাম। সোনারগাঁ সেই সুযোগটা দিয়েছে। বাচ্চারাও খুব আনন্দ করছে।

গাজীপুর থেকে আসা দর্শনার্থী নুসরাত জাহান বলেন,অনেকদিন পর সবাই মিলে ঘুরতে বের হয়েছি। এখানে এসে মনে হচ্ছে ঈদের আনন্দটা আরও বেড়ে গেছে, সময়টা সত্যিই উপভোগ করছি।

দর্শনার্থী আরমান  বলেন,সাপ্তাহিক ছুটির দিনে পানাম নগর খোলা থাকায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। পরিবার নিয়ে এসে ঘুরতে পারছি, বাচ্চারাও আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছে।

পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান জানান, দর্শনার্থীর কথা চিন্তা করে ঈদুল ফিতরের দিন ও সাপ্তাহিক ছুটির সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগর খোলা রেখেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন