শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:১১, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ০১:১২, ২৬ মার্চ ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই স্নানকে জাতীয় হেরিটেজের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এটিকে হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো।
বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশ। এখানে হিন্দুর যে অধিকার মুসলমান সে অধিকার খ্রিস্টানেরও সে অধিকার। বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে এসবই একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে চাই।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন এবং রাত সমান করে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘন্টাও ঘুমায় না। টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চায়।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আজ পৃথিবীর বিভিন্ন স্থানে হানাহানি, যুদ্ধ ও অশান্তি চলছে। আমরা সেখান থেকে আলাদা হয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বাংলার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান ও সমৃদ্ধির জন্য সারা বিশ্বের মানুষ বাংলায় আসত। পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণকথায় এই ভূখণ্ডের ঐশ্বর্য ও সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, সঠিক নেতৃত্ব পেলে আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারব। আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। যেখানে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ আমাদের পাশে আছে। তাদের এই সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ।