শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৩, ২৬ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দিবসটি উপলক্ষে সংগঠনটির উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক। র্যালিতে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা বহন করে অংশ নেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
পরে সাদিপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট খোরশেদ দেওয়ান।
অপরদিকে, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর ২টায় ঐতিহাসিক আমিনপুর মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আহমাদ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই দিবসের তাৎপর্য ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।