নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে পাওনা টাকা আদায়ে শিশু চুরি, নারী আটক

গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৬, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২১:১৭, ২৭ মার্চ ২০২৬

রূপগঞ্জে পাওনা টাকা আদায়ে শিশু চুরি, নারী আটক

রূপগঞ্জে পাওনা টাকা আদায়ে ৯ মাসের শিশু ওয়াসিককে অপহরণের ঘটনায় সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করেছে এলাকাবাসী। এ সময় গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। এর আগে বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড় সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোনিয়া আক্তার উপজেলার কাঞ্চন কৃষ্ণনগর এলাকার আশরাফুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এরমধ্যে তিনি ২৫ হাজার টাকা পরিশোধ করেন। 

এদিকে ৬ মাস অতিবাহিত হলেও বাকি টাকা জলিল মিয়া পরিশোধ করতে ব্যর্থ হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দ্রুত পাওনা টাকা আদায়ের কৌশল হিসাবে বৃহস্পতিবার দুপুরে সোনিয়া তার স্বামী আশরাফুলের সহায়তায় জলিল মিয়ার ৯ মাসের শিশু বাচ্চা ওয়াসিককে চুরি করে নিয়ে যান। 

বিকেলে তাদের পাশের এলাকা রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। ফোনে কথোপকথনে টাকা না পাঠালে শিশুটিকে ফেরত দিবে না বলে জানান তিনি।

এ সময় দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করেন। বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে স্থানীয়রা সোনিয়াকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং সোনিয়াকে থানা হেফাজতে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, নয় মাসের শিশুকে এক নারী চুরি করে নিয়ে এসেছে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন