শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০০, ১ এপ্রিল ২০২৬
ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাব্বির নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। অপরদিকে গ্রেপ্তারকৃত সেলিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাব্বির বিভিন্ন সময় তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
গত ৪ মার্চ ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সাব্বির সেহরীর খাবার আনতে বাসা থেকে শিবু মার্কেট মোড়স্থ সুমাইয়া বিরিয়ানি হাউজের উদ্দেশ্যে বের হন। সেখানে পৌঁছালে সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৬ মার্চ একই মামলার ১ নম্বর আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।”