শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৫, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫৪, ২ এপ্রিল ২০২৬
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আকতার হোসেন (৫৪), নূরুল হক (৫০), ফারুক হোসেন (৪০), রোকসানা বেগম (৩০), তাসলিমা বেগম (৪০), কাউসার মিয়া (৩২), রাবেয়া বেগম (২৮) এর নাম জানাগেছে।
তাদের মধ্যে আকতার হোসেন ও নুরুল হক টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। টেঁটাবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহর নেতৃত্বে শতাধিক পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে আমরা সচেষ্ট আছি।