নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটে দুঃসাহসিক চুরি, সাড়ে ১২ লাখ টাকার মোবাইল লুট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫১, ২ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটে দুঃসাহসিক চুরি, সাড়ে ১২ লাখ টাকার মোবাইল লুট

সিদ্ধিরগঞ্জে হাজী এ রহমান মার্কেটের ‘নূর জাহান টেলিকম’ নামক একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ীর প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শিপন জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন ভোরে মার্কেটের গেট খোলার পর দোকানে এসে দেখেন সাটারের তালা ভাঙা এবং ভেতরে থাকা মালামাল চুরি হয়ে গেছে। অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরচক্র দোকানে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- ইনটেক প্যাকেটজাত ৪৩টি এবং সার্ভিসিংয়ের জন্য রাখা ৯টিসহ মোট ৫২টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ক্যাশ বক্সে থাকা ২০ হাজার টাকা নগদ অর্থ এবং ৫টি পাওয়ার ব্যাংক চুরি হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, মার্কেটের মেইন গেট খোলার নির্ধারিত সময় প্রতিদিন সকাল ৯টা হলেও, মার্কেটের এক ওয়াশরুম ব্যবসায়ী খলিল মিয়া পূর্বে মৌখিকভাবে অঙ্গীকার করেছিলেন যে, তিনি ভোর ৫টায় গেট খুলবেন এবং ওই সময়ের মধ্যে কোনো চুরি বা ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার তিনি বহন করবেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ভোরে গেট খোলার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, চুরির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন