শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৭, ৩ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী শুভ (২১)-এর স্ত্রী মোছা. পিংকি (১৯) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলার এজাহার জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে পিংকির স্বামী ভুক্তভোগী শুভকে ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকায় ডেকে নেয়। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাদী পিংকি অভিযোগ করেন, শহরের চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে শুভকে মারধরের পর গুম করা হয়েছে। মামলায় মো. শাকিল (২৫), মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২)সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের সকলের বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, “ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, "বাদীপক্ষ অভিযোগ করেছে সেই হিসেবে আমরা মামলাটি নিয়েছি। সর্বপ্রথম যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ শুভ, তাকে আমরা বের করার চেষ্টা করছি। শুভকে বের করতে পারলেই এই মামলার প্রকৃত তথ্য বের হয়ে আসবে।"
তিনি আরো বলেন, "নিখোঁজ শুভ নিজেও দুইটি মামলায় অভিযুক্ত আসামি, তাকে আগে থেকেই আমরা খুঁজছিলাম।"