শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০১, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৯, ৬ এপ্রিল ২০২৬
ফতুল্লার কায়েমপুর ওয়াপদারপুল এলাকায় এক মূর্তিমান আতঙ্কের নাম ‘ইয়াবা আনু’। এলাকায় অস্থায়ী বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে মাদকের বিশাল সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন এই মাদক ব্যবসায়ী। তার বেপরোয়া কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, কায়েমপুর ওয়াপদারপুল এলাকার অস্থায়ী বাজারের নিয়ন্ত্রণ এখন আনুর হাতে। বাজারের প্রতিটি দোকান থেকে প্রতিদিন নিয়ম করে চাঁদা তোলা হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, বাজারটি থেকে প্রতিদিন প্রায় ৭ হাজার টাকা চাঁদা আদায় করেন আনু। এই বিপুল পরিমাণ টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ দোকানিরা, কিন্তু আনুর ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।
মাদক ব্যবসায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আনু। অভিযোগ রয়েছে, কায়েমপুর শহীদ তিতুমীর একাডেমির পাশে নিজের মাদক ব্যবসার ‘স্পট’ সুরক্ষিত রাখতে তিনি চারদিকে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। এই ক্যামেরার মাধ্যমে তিনি প্রশাসনের গতিবিধি ও বাইরের লোকজনের ওপর নজরদারি চালান, যা তাকে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে সাহায্য করছে।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এক সময় সাধারণ জীবনযাপন করলেও মাদক ব্যবসার মাধ্যমে আনু এখন বিপুল সম্পদের মালিক। রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই আনুর দাপটে স্থানীয়রা তটস্থ। এলাকাবাসীর মতে, তার এই মাদক সিন্ডিকেটের কারণে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। “আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারছি না। বাজারের টাকা থেকে শুরু করে মাদকের রাজত্ব—সবই আনুর দখলে। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”
আর্তনাদরত এক স্থানীয় বাসিন্দা বলেন, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মুখেই এখন ইয়াবা আনুর নাম। এলাকাবাসীর দাবি, ফতুল্লা মডেল থানা পুলিশ যেন দ্রুত এই এলাকায় অভিযান চালিয়ে মাদকের এই আখড়া এবং চাদাবাজির সিন্ডিকেট গুঁড়িয়ে দেয়।
ভয়মুক্ত পরিবেশে বসবাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ইয়াবা আনুর মতো অপরাধীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।