নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ফতুল্লা নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৭, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:০২, ৬ এপ্রিল ২০২৬

ফতুল্লা নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার

ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় নিখোঁজের ২৪ ঘন্টা পর সৈকত (৭) নামে এক শিশু শিক্ষার্থীর গলা কাটা  লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর ইট দিয়ে মাথাও থেতলে দেয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহত সৈকতের বাবা আঞ্জু মিয়া জানান, নিহত শিশু সৈকত রবিবার দুপুরের পর আমার কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে চকলেট কেনার জন্য বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে না আসায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে সোমবার দুপুরের পর স্থানীয় কয়েকজন বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমিতে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে সৈকত খুব শান্ত স্বভাবের ছিলো। কারো সাথে কোনো শত্রুতা ছিল না। এমন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হবে তা কখনো কল্পনাও করতে পারিনি।  যারা এই কাজ করেছে, তাদের বিচার চাই।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মরদেহ উপুর হয়ে ছিলো। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন