শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪২, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৩, ১১ এপ্রিল ২০২৬
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কটি কোনো ধরনের অনুমতি ছাড়াই কেটে ফেলে ‘আবির ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠান। এতে করে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকারি সড়ক জনগণের সম্পদ। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অনুমতি ছাড়া রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।