নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় পানির ট্যাংকির ভেতরে দুই শ্রমিকের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৩৯, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২৭, ১৭ এপ্রিল ২০২৬

ফতুল্লায় পানির ট্যাংকির ভেতরে  দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকির সেন্টারিং খুলতে ট্যাংকির ভেতরে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পটুয়াখালির বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।  নিহত দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। 

অপরদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।  শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে দেলোয়ার মৃধা ও রানা  ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন