নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, মামলা তুলে নিতে হুমকি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২১, ১৭ এপ্রিল ২০২৬

ফতুল্লায় গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, মামলা তুলে নিতে হুমকি

ফতুল্লার সস্তাপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিনা আক্তার (৪২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১১ এপ্রিল সন্ধ্যায় ফতুল্লা মধ্য সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহিনা আক্তার ওই রাতেই ফতুল্লা মডেল থানায় গিয়ে বোরহান উদ্দিন (৩৩), ছোলেমান (৪০) ও আসলাম (৩৫) সহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করতে যান। এদিকে অভিযুক্তরা মামলা তুলে নিতে ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। 

আহত শাহিনার অভিযোগ, শুরুতে পুলিশ মামলা নিতে গড়িমশি করে। তাঁর এজাহারটি প্রথমে সাধারণ অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ এপ্রিল সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ৪৪/০৪/২০২৬।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ফেরদাউস বলেন, তিনি আসামিদের ধরতে গেলে তাদের এলাকায় খুঁজে পান না, সব আসামিরা পলাতক রয়েছে। তবে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার বাদীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুবায়ের (২৭) নামের এক শিক্ষক ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করতেন। পরে তিনি দুই মাসের অগ্রিম ভাড়া রেখে বাসা ছেড়ে দেন। এতে অভিযুক্তরা আরও ক্ষুব্ধ হন।

জুবায়ের বিষয়টি প্রতিবেশী শাহিনা আক্তারকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এর জের ধরেই অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শাহিনার ওপর হামলা চালান বলে অভিযোগ।

আহত শাহিনার স্বজনেরা জানান, তাঁর চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তাঁর মুখমণ্ডলে ছয়টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন