শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:৪৫, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:১৬, ১৮ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মী পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ডে তৎপর চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- আব্দুল আলী (৩৫), মাহবুব আলম (৪৬), খালেক (৩০), আলামিন (২৮), আব্দুল লতিফ (৫৭) ও রিনা (৪৫)।
জালকুড়ি খোলা মার্কেট সংলগ্ন খালপাড় এলাকায় মেজবাহ উদ্দিন নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি, সম্পত্তি দখলের চেষ্টা ও হামলা চালিয়ে নৃশংস হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ওই মামলায় তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের মধ্যে খালেক নিজেকে ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমানে বিএনপির সক্রিয় নেতা দাবি করলেও তার কোনো পদ পদবি পাওয়া যায়নি। এছাড়া অন্যরা দাবি করেন বিএনপির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন।
তবে এ চক্রের অন্যতম দুই হোতা আব্দুর রব (৪৯) ও আতাউর রহমান সুমন (৪৩) অধরা রয়েছে। সিদ্ধিরগঞ্জে থানার উপ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন দায়েরকৃত মামলার ওয়ারেন্টে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
এদিকে সন্ত্রাসীদেও তৎপরতায় ভুক্তভোগী মো. মেজবাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি ওই সন্ত্রাসীরা মো. মেজবাহ উদ্দিনেন জমির গাছ কর্তন, জমির সীমানা প্রাচীর ভাংচুর করে। এতে বাধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে মারধর করলে তিনি গত ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। যাহার নং- ১৬৬৫।
তারা আশঙ্কা করছেন, এ চক্রের অন্যতম দুই হোতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে।
ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা জানান, তারা প্রায় ৩৫ বছর ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে কদমতলী ও আদমজীনগর এলাকার কুখ্যাত ভূমিদস্যু, চাঁদাবাজ ও সুদ ব্যবসায়ী আব্দুর রবের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাদেরকে উচ্ছেদের হুমকিসহ মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাদের উপর পরিকল্পিত হামলা। অভিযুক্ত সন্ত্রাসীরা নিয়মিতভাবে ফোনে ও সরাসরি খুন, অপহরণ এবং পুরো পরিবার নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় তারা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দুপুরে আব্দুর রব, মাহবুব আলম, আতাউর রহমান, খালেক, আল-আমিনসহ ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির পশ্চিম পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারটির ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের থামাতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় বলে অভিযোগ রয়েছে।
হামলায় মো. মেজবাহ উদ্দিন, তার ভাই মো. জসিম উদ্দিনসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মেজবাহ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপরও সন্ত্রাসী চক্রটি থেমে থাকেনি। গত ২৮ মার্চ ২০২৬ সকাল ১১টার দিকে আবারও একই স্থানে মেজবাহ উদ্দিনের ওপর হামলার চেষ্টা করা হয় এবং পুনরায় চাঁদা দাবি করা হয়, মালামাল লুট করে, গাছ কেটে ফেলে ।
এদিকে পুলিশ সিদ্ধিরগঞ্জ থানায় জিডি (নং ১৬৬৫) এবং সি.আর. মামলা নং ৭৬৫/২৫ এর ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলী, মাহবুব আলম, মাসা. রিনা, আল-আমিন, আব্দুল লতিফ এবং খালেককে গ্রেপ্তার করে ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, সন্ত্রাসী যে হউক কেউ ছাড় পাবেনা। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।