শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩০, ২০ এপ্রিল ২০২৬
ফতুল্লার পিলকুনি এলাকায় একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পিলকুনির হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইক চালক জাহিদ মিয়ার বড় ছেলে। জাহিদ মিয়া জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত।
মসজিদের খাদেম বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে ছাদে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায়। ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন বলে জানান। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবার কোনো অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।