শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৪, ২০ এপ্রিল ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫ টায় ফতুল্লা রেল স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোট নেতা বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ানের সভাপতিত্বে বক্তাব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ জাসদ জেলার দপ্তর সম্পাদক আতাউর রহমান।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি-শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুকিতে ফেলবে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে, একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারাবে। এছাড়া অন্যান্য দেশের সাথে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে দেশের নীতিনির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করবে যা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবে।
নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি। নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান। নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট আহুত ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও জাতীয় সংসদের স্পীকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান জানান।