শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১০, ২৪ এপ্রিল ২০২৬
রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে গ্রামের বিদ্যুৎ অফিসের সামনে সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চনপাড়ার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাস্তব ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় তারা আর্থিকভাবে চাপে পড়ছেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীরা দ্রুত লোডশেডিং কমানো, বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো (পাওয়ার হাউস/সাবস্টেশন) স্থাপনের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।