শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৮, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫১, ২৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে লন্ডন প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটের গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই টাকা ও স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ ঘটনায় হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ডাকাতরা হানা দেয়। এ সময় তাকে জিম্মি করে এ ডাকাতি সংঘটিত করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।