শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১২, ২৫ এপ্রিল ২০২৬
অনলাইনে পোশাকের লোভনীয় বিজ্ঞাপনের আড়ালে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎকারী এক দুর্ধর্ষ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। রাজধানীর পল্লবীতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পূর্ণ টাকা এবং বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা সুত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বন্দর থানার উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা মোসাঃ জাকিয়া (৩১) কালার ব্যান্ড বিডি নামক একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে অর্ডার দেন। কেনাকাটার এক পর্যায়ে চক্রটি কৌশলে তার কাছ থেকে ৫১,৬৩০ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ভুক্তভোগী জাকিয়া বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে বন্দর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে গত ২৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে ডিএমপির পল্লবী থানার ডি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।
বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আল আমিন, এএসআই মোঃ রফিকুল ইসলাম ও এএসআই ওয়ালী উল্লাহর সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল ওই ফ্ল্যাটের ৭ম তলা থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ২১টি সক্রিয় সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া নগদ ৫১,৬৩০ টাকাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রাজবাড়ী জেলার কালুখালী থানার রতনদিয়া এলাকার মৃত আক্তার শেখের ছেলে রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), একই জেলার রাজ্জাক সরদারের ছেলে মোঃ মিজান (২০), রইচ উদ্দিন ব্যাপারীর ছেলে মোঃ বাইজিদ বিশ্বাস (১৯) এবং শফিক শেখের ছেলে মোঃ জুয়েল শেখ (২১)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এ মামলা রুজু করা হয়েছে।