নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৫, ২৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সোনারগাঁ উপজেলা উপজেলার ১৯ নম্বর পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা (সাম্মী) প্রায়ই যথাযথ অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং নিয়মিত ক্লাস পরিচালনায় অনীহা দেখান। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “তিনি অনেক সময় কাউকে না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কারণ জানতে চাইলে দুর্ব্যবহার করেন। একাধিকবার শোকজ করা হলেও তাঁর আচরণে পরিবর্তন আসেনি। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ সালে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মীর মাসুম বিদ্যালয় পরিদর্শনে এসে ওই শিক্ষিকাকে অনুপস্থিত পান। পরে তাঁকে জরুরি ভিত্তিতে তলব করা হলে তিনি কর্মকর্তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকদের সত্যায়িত অনুলিপিসহ একটি প্রতিবেদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয় বলে জানা গেছে।

একাধিক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হব।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম সরকার বলেন, পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততার কারণে এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন