শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৭, ২৯ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকালে গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় আমিনুল ইসলামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের অভিযোগ বাড়িওয়ালার গাফলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, রুমের পাশে একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।
বিকালের দিকে খেলাধুলা করতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।