নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৩ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:১৬, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৮, ৩০ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ৩ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার

ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ছয় ভরি আট আনা স্বর্ণালংকার, একটি সিসি ক্যামেরার ডিভিআর এবং ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাক বোচা হালিম (৫১) এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ৩০টি ডাকাতি মামলাসহ অন্যান্য মামলা রয়েছে, মোঃ শাহীন খাঁ (৪২) এর বিরুদ্ধে ১৬টি ডাকাতি মামলাসহ অন্যান্য মামলা রয়েছে এবং মোঃ নয়ন (৩২) এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথমে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হালিম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সে অভিযান চালিয়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকারসহ নয়নকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেখানো মতে হুমায়ুন কবিরের বাসার পাশের একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।  

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আসামীরা পেশাদার ডাকাত দলের সক্রীয় সদস্য। 

ডাকাতির ঘটনার পর থেকেই আমরা গোয়েন্দা নজরদারি রেখেছিলাম, পরবর্তীতে ডাকাতের সন্ধান পাই এবং র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করি। 

এ সময় তাদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকার স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে  আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হুমায়ুন কবিরের বাসায় গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে।

তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে এবং নগদ প্রায় দুই লাখ টাকা ও অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

ফজরের আজানের সময় ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন