শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৫, ১ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে একটি গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সমিশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (১ মে) বিকেলে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে উপকেন্দ্রটি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সোয়া ৫টায় আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপকেন্দ্রের ট্রান্সমিশনে প্রায় ৭৫ হাজার লিটার ইনসুলেটিং অয়েল থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ২৩০/১৩২ কেভি ট্রান্সমিশনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।