শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৮, ৬ মে ২০২৬ | আপডেট: ১২:০৮, ৭ মে ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মুহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুইদিন আগে বর্ষার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বিষয়টি তাদের জানায়। খবর পেয়ে তারা এসে পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বর্ষার মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখ ও পা বাঁধা ছিল এবং গলা কাটা অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, বর্ষার স্বামী তাকে তালাক দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও তার স্বামীর আসা-যাওয়া কম ছিল। প্রায় দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর থেকে বর্ষার সঙ্গে তার স্বামীর দূরত্ব তৈরি হয় বলে দাবি পরিবারের।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলেও জানান