নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল নিয়ে যায়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৯, ৭ মে ২০২৬

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

সোনারগাঁ উপজেলার আনন্দবাজার টেঙ্গারচর এলাকায় এক সৌদি প্রবাসী সিরাজুল ইসলামে বাড়িতে দিনে দুপুরে বুধবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শামীমা আক্তার পরিবারের সদস্যদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফার্নিচার কিনতে যান।  এ সময় বাড়ি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে আলমারির তালা ভেঙে সেখানে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।

শামীমা আক্তার বলেন, কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরের সবকিছু তছনছ। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। 

সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন