নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আইনের শাসন না থাকায় দেশ আজ ভঙ্গুর অবস্থায় : মহাসচিব, ইসলামী আন্দোলন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪২, ৮ মে ২০২৬ | আপডেট: ২২:৪২, ৮ মে ২০২৬

আইনের শাসন না থাকায় দেশ আজ ভঙ্গুর অবস্থায় : মহাসচিব, ইসলামী আন্দোলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখা।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইউনুস আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্র আজ ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। মানুষের জানমাল, ইজ্জত ও অধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আওয়ামী লীগের ‘প্রেতাত্মারা’ এখনো বিভিন্ন খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণ এখন ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম বলেন, দেশে তেল ও নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা সাধারণ মানুষের জন্য উদ্বেগের বিষয়। বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের নতুন ভাবনা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির, আলহাজ আমান উল্লাহ, ফারুক আহমেদ মুন্সী, জোবায়ের ও মামুনুর রশীদসহ অন্যান্য নেতারা।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন